রবিবার, ৭ মে, ২০১৭

লালনের গান

খাঁচার ভেতর অচিন পাখি ক্যামনে আসে যায়...সত্যিই তো! এই যে এইখানে যে খাঁচাটা সেখানে এমন মায়াময় আবার কখনোবা নিষ্ঠুর ওই পাখিটা ক্যামনে আসে যায়? কেউ কি বলতে পারবেন?কিংবা তারে কি ধরা যায় না ছোঁয়া যায়? আচ্ছা ধরার চেষ্টা যে কেউ করেনি তা তো নয়! তাই না?...কিন্তু পেরেছে কি ধরতে? কতো কতো দিন গেল...মুঠো মুঠো রোদ গেল, উঠোন পেরিয়ে মাঠ গেলো, মাঠ পেরিয়ে ক্ষেত, ক্ষেতে এবারে ফসল হয়েছে খুব,ক্ষেতের ধারে ধারে কোথাও বা বেতের বন, অথচ আমি খুজে চলেছি একটা আমগাছের ছায়...যদিও পড়ন্ত বেলা অথচ সমস্ত পথটা জুড়ে কেমন যেন মন খারাপ করা আলো, এর পরেও আমি পেরচ্ছি পথ..এভাবে একটা আলপথ ধরে হাঁটতে হাঁটতে কখন যেন হুস করে বিকেলেও পৌঁছে গেছি...নিজেকে কেমন যেন সহায় সম্বলহীন আর একলা মনে হতে থাকে! আজ তো হঠাৎ করে মেঘ আসেনি, তবু আকাশ জুড়ে এমন কোলাহল কেন? কারা ফিসফিস করে চলেছে...অবিরত?হাওয়ার ওই আসা যাওয়ার শব্দে কোন বিভ্রম নেই তো? আমি কোথায় একটু ঠাই খুঁজবো তা না, খুজে চলেছি চাঁদ...দিনের বেলার চাঁদ!যেদিক থেকে সূর্য্যি ডোবে তার ঠিক উল্টো দিকে চোখ রেখেছি...অদ্ভুত একটা মায়া মায়া ঘোর যেন! তার মধ্যেও আমি হেঁটে চলেছি,এই তো আর কিছুক্ষন হাঁটলে গোধূলি পেরবো আর ঠিক তারপর নামবে সন্ধ্যে...তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়...!   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন